দিনাজপুরে বাজারের ব্যাগে পাওয়া গেল দুই কেজি গাঁজা, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই কেজি গাঁজাসহ সোলায়মান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার বাজার থেকে ব্যাগে করে দুই কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর দিওর ইউনিয়নের বিজুল সরকার পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণের নাম সোলায়মান আলী (২৪)। তাঁর বাড়ি উপজেলার বিজুলডাঙ্গা গ্রামে। তিনি বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দেশমা গ্রাম থেকে এসব গাঁজা পাচার করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভারত থেকে বাংলাদেশের একটি গ্রামে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার উপপরিদর্শক (এসাঅই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিজুল সরকার পাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে আবদুল লতিফ নামের এক ব্যক্তির বাড়ির সামনে রাস্তায় সন্দেহভাজন হিসেবে সোলায়মান আলীকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক সোলায়মান আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।