নোয়াখালীতে রডবোঝাই ট্রাকে আগুন
বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রডবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের শিকার ট্রাকটি নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিনবাজার এলাকায় নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী রডবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক এবং চালকের সহকারী কেউ হতাহত হননি।
জানতে চাইলে ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। গতকাল রাত আনুমানিক আটটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রোডবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।