অবৈধভাবে দেশে ফেরার সময় সিলেট সীমান্তে নারী, শিশুসহ আটক ১৮
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিনা পাসপোর্টে দেশে আসার সময় নারী, শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আজ রোববার ভোরে জৈন্তাপুর ডিবির হাওর সীমান্ত এলাকা দিয়ে ১৮ জন বাংলাদেশে প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কদমখাল এলাকা থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা খুলনা ও বাগেরহাটের বাসিন্দা। তাঁদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও চারটি শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পাসপোর্ট ছাড়া ভারত থেকে দেশে আসেন বলে জানিয়েছেন। তবে তাঁরা কবে ও কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় তাঁদের সহায়তাকারী জৈন্তাপুরের বাসিন্দা ইকবাল হোসেন (২৪) ও রুস্তম আলীকে (৩৩) আটক করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।