নরসিংদীতে কুকুরকে মেরে ফেলার অভিযোগে রিকশাচালক আটক
নরসিংদীতে কুকুর পিটিয়ে মেরে ফেলার অভিযোগে মুক্তার হোসেন (৪৩) নামের এক রিকশাচালককে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে শহরের ভাগদী এলাকা থেকে তাঁকে আটকের পর নরসিংদী মডেল থানায় হস্তান্তর করে র্যাব-১১ নরসিংদীর একটি দল। পরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন প্রাণী অধিকার নিয়ে কাজ করা ‘রবিনহুড দ্য অ্যানিমেল’ নামের স্থানীয় একটি সংগঠনের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন।
মুক্তার নরসিংদী শহরের ভাগদী এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। তিনি শহরে রিকশা চালিয়ে উপার্জন করে সংসার চালান।
আফজাল হোসেন বলেন, ‘গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ভাগদী এলাকার রাস্তায় মুক্তার ও আরেকজন অপ্রাপ্তবয়স্ক ছেলে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। বিষয়টি ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসিটিভিতে ধরা পড়ে। ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আমরা বিষয়টি জানতে পেরে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করি। পরে তাদের পরামর্শে আমরা র্যাব-১১ নরসিংদী ক্যাম্পে অভিযোগ জানাই।’
র্যাব বলছে, একটি কুকুরকে মেরে ফেলার অভিযোগ পেয়ে গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুক্তারসহ দুজনকে নিজ বাড়ি থেকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাতেই মুক্তারকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আফজাল হোসেন ওই রিকশাচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার আমাদের জানিয়েছেন, এর আগেও পাঁচটি কুকুরকে তিনি পিটিয়ে মেরে ফেলেছেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, ‘মুক্তার আমাদের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’