শেরপুরে বাসের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। ঈদের দিন গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর-নন্নী সড়কের ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মোনাকুশা গ্রামের আবদুর রফিকের ছেলে রবিউল ইসলাম (৪০) ও বন্দপাড়া গ্রামের সাইদুর ইসলাম (৩৭)। তাঁদের মধ্যে সাইদুর ইজিবাইকের চালক ছিলেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস কদমতলী বাজার এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি নন্নী থেকে তিনআনীর দিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সাইদুর ইসলাম ও যাত্রী রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম শুক্রবার দুপুরে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।