ঠাকুরগাঁও ছাত্রলীগের দুই পক্ষের প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমানে অবস্থান নিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে
ছবি: প্রথম আলো

সংগঠন পরিচালনায় অযোগ্যতা, কমিটি নিয়ে বাণিজ্যসহ নানা অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারকে ঠাকুরগাঁও শহরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাংশের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরুর আগে তাঁরা এ ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ জুলাই ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে ১২ জন সহসভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদকের নাম রাখা হয়। নতুন কমিটি ঘোষণার বিষয়টি জানাজানি হওয়ার পর সেদিন রাতেই ছাত্রলীগের একাংশ শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে।

নতুন কমিটি দায়িত্ব পাওয়ার ১৭ মাস হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। তা ছাড়া বিভিন্ন উপজেলা ও থানা কমিটি গঠনে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর্থিক লেনদেনসহ নানা অভিযোগ পাওয়া যায়। এতে জেলা ছাত্রলীগের মধ্যে বিভক্তি দেখা দেয়।

আজ ছিল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, শোভাযাত্রা, বৃক্ষরোপণ, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় নেতাদের নিয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে আসেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ কারণে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তা করতে পারেনি ছাত্রলীগ।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অসহযোগিতা এবং কমিটি গঠনে আর্থিক বাণিজ্যের কারণেই কোথাও কমিটি করা যাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু তাঁরা আমাদের দাবির প্রতি কোনো সম্মান দেখাচ্ছেন না। আমাদের প্রাণের ছাত্রলীগকে রক্ষার জন্য আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারকে ঠাকুরগাঁও শহরে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।
শাহাজালাল জনি, সহসভাপতি, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ

আজ বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার কথা ছিল। বেলা সোয়া তিনটার দিকে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে তাঁরা সেখান থেকে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফিরে সেখানে সমাবেশ করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করে কমিটির বিলুপ্তি দাবি করেন তাঁরা।

সমাবেশে জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাজালাল জনি, সৃজন গুহঠাকুরতা, আনোয়ার আসাদ, সাংগঠনিক সম্পাদক অমৃত মোদক প্রমুখ বক্তব্য দেন। শাহাজালাল জনি বলেন, ‘জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার দেড় বছর পাড় হতে চলেছে। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। সভাপতি ও সাধারণ সম্পাদকের অসহযোগিতা এবং কমিটি গঠনে আর্থিক বাণিজ্যের কারণেই কোথাও কমিটি করা যাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু তাঁরা আমাদের দাবির প্রতি কোনো সম্মান দেখাচ্ছেন না। আমাদের প্রাণের ছাত্রলীগকে রক্ষার জন্য আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারকে ঠাকুরগাঁও শহরে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’

সৃজন গুহঠাকুরতা বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর এই সভাপতি-সম্পাদক একটি উপজেলা আর একটি থানা কমিটি ঘোষণা করেছেন। তাঁরা টাকার বিনিময়ে সেই কমিটিতে বিএনপি-জামায়াত পরিবারের সদস্য ও নারী কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্তদের জায়গা দিয়েছেন। এর পক্ষে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমরা তা কেন্দ্রে জমা দেব।’

অন্যদিকে জেলা সার্কিট হাউস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ ডাকবাংলোতে আসার পর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার বক্তব্য দেন।

অভিযোগ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে একটি গোষ্ঠী। আজকের বিভাজনও সেই ষড়যন্ত্রেরই অংশ। আমরা স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পরামর্শ করেই সব কমিটি ঘোষণা দিয়েছি। এরপরও তারা কমিটি–বাণিজ্যের অভিযোগ তুলছে। আমরা দ্রুত মেয়াদোত্তীর্ণ সব কমিটি ঘোষণা করব।’