কাশীনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্র
আঙিনায় আবর্জনার স্তূপ
রোগী ও তাঁদের স্বজনেরা স্বাস্থ্যকেন্দ্রের আঙিনায় এলেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিড়ম্বনায় পড়েন।
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান ও বাসস্থান। সীমানাপ্রাচীর না থাকায় লোকজন স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় প্রাকৃতিক কাজ সারেন। আশপাশের অনেকে আবর্জনাও ফেলে যান। ফলে সেখানে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। এ অবস্থায় উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, কর্মচারী ও রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র কাশীনাথপুর বাজারের প্রাণকেন্দ্রে কাশীনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্রের অবস্থান। উপস্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, উন্নত যোগাযোগব্যবস্থা ও মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু এসব রোগী ও তাঁদের স্বজনদের স্বাস্থ্যকেন্দ্রের আঙিনায় এলেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিড়ম্বনায় পড়তে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপস্বাস্থ্যকেন্দ্রের আঙিনায় ঢোকামাত্রই নাকে মলমূত্রের দুর্গন্ধ আসে। আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। স্বাস্থ্যকেন্দ্রের আঙিনা দখল করে প্রধান ফটকের কাছে গড়ে উঠেছে একটি সাইকেল-রিকশা মেরামতের দোকান। এর থেকে কিছুটা দূরে স্বাস্থ্যকেন্দ্রের দক্ষিণ দিকে অবৈধভাবে বাড়িঘর তুলে বসবাস করছে চারটি পরিবার। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর নেই। স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশ পথে শুধু দুটি পিলার নির্মাণ করা হয়েছে।
সাইকেল-রিকশা মেরামতের গ্যারেজের মালিক আকবর আলী বলেন, ‘প্রায় ৪০ বছর ধইর্যা এখানে দোকান কইর্যা আছি। এই জায়গার থ্যা দোকান তুইল্যা দিলি পরিবার নিয়্যা না খায়া মরা লাগবি।’
অবৈধভাবে ঘরবাড়ি তুলে বাস করা সোহাগ হরিজন বলেন, ‘এই জায়গায় আমরা ৩০ থেকে ৩৫ বছর ধইর্যা থাকি। কাশীনাথপুর সদর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করি। অথচ আমাদের এখান থেকে তিন-চার কিলোমিটার দূরে বেশ ভেতরে আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছিল। এ জন্য আমরা সেখানে যাই নাই।’
স্থানীয় ব্যক্তিরা বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রটি ৪০ বছরের বেশি পুরোনো। গত ৪০ বছরে উপস্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন মহাসড়কসহ চারদিকের জমিগুলো উঁচু করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটির আশপাশে মাটি না ফেলায় তা নিচু হয়ে আছে। এতে সামান্য বৃষ্টি হলেই পাশের এলাকার পানি সেখানে গিয়ে জমা হয়। হাঁটুসমান নোংরা পানি মাড়িয়ে রোগীদের চিকিৎসকের কাছে যেতে হয়। আবার পানি শুকিয়ে গেলে বৃষ্টির পানির সঙ্গে আসা আবর্জনা সেখানে জমে থাকে। এভাবে বছরের পর বছর নোংরা আবর্জনা জমে উপস্বাস্থ্যকেন্দ্রের আঙিনা অনেকটা ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা আরও বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত জুলাই মাসে কিছু বালুর বস্তা ও মাটি ফেলা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই কিছু স্থান থেকে মাটি ও বালুর বস্তা সরে গেছে।
চিকিৎসা নিতে আসা সোমাসনারী গ্রামের আজিজুল হক বলেন, ‘এই হাসপাতালে ভালো চিকিৎসা দেয় দেইখ্যা আইছি। কিন্তু হাসপাতালে ঢোকার পর নোংরা আবর্জনা আর দুর্গন্ধে বমি আসে।’
উপস্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা (এমও) এনামুল হক জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর। রোগীরা চিকিৎসা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন। দ্রুত এখান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মাটি ভরাটের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সীমানা নির্মাণ করতে হবে, যাতে বহিরাগত ব্যক্তিরা এখানে ঢুকতে না পারেন।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আশা করছেন, প্রশাসনের সহযোগিতায় দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হবে।