ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঠিক হওয়ার পর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিলেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান। এর আগে তিনি নগরের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএমে ত্রুটির কারণে ভোট দিতে পারেননি।
ভোট না দেওয়ার বিষয়টি ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামানের কাছে অভিযোগ করেন মোস্তাফিজার রহমান। তাঁর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের একটি বুথের ইভিএম ঠিক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোট দেন।
ভোট দিয়ে মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেও রিটার্নিং কর্মকর্তার কাছে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছি। এভাবে যদি ইভিএমে ত্রুটি দেখা দেয়, তাহলে মানুষের বিড়ম্বনা হবে।’
কলেজ রোড আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মেয়র প্রার্থী মোস্তাফিজার ভোট দেওয়ার সময় ইভিএমে ত্রুটি হয়েছিল, এ কথা ঠিক। তবে এর কিছুক্ষণ পর ইভিএমের ত্রুটি দূর করা হয়। অবশেষে আধা ঘণ্টা পর মেয়র প্রার্থী মোস্তাফিজার ভোট দিয়েছেন।