জলবায়ু উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসন

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সমিতিপাড়ায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। জেলা প্রশাসনের কর্মকর্তারা জলবায়ু উদ্বাস্তুদের তালিকা তৈরি করতে এলে উচ্ছেদ আতঙ্কে রাস্তায় নামেন বাসিন্দারা। আজ দুপুরেছবি-প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের তালিকা তৈরি করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল কক্সবাজারের সমিতিপাড়ায় যান উপকারভোগীদের তালিকা তৈরি করতে। এ সময় হাজারো নারী-পুরুষ সমিতিপাড়া বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে স্লোগান দেন। খাস জমি থেকে উচ্ছেদ না করার দাবি জানান তাঁরা।

তবে জেলা প্রশাসন বলছে, লোকজনকে সমিতিপাড়া থেকে উচ্ছেদ করতে যাননি প্রশাসনের কর্মকর্তারা। বরং ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের’ উপকারভোগীদের তালিকা করতে গিয়েছিলেন। স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়েছে একটি গোষ্ঠী।

উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়াসহ আশপাশের অন্তত ১৯টি মহল্লায় জলবায়ু উদ্বাস্তু ১০ হাজার পরিবারের বসবাস। এর মধ্যে ৪ হাজার ৪০৯ পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার বাঁকখালী নদীতীরে খুরুশকুলে তৈরি করছে পাঁচতলাবিশিষ্ট ১৩৭টি বহুতল ভবনের ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প’।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিম পাশের কিছু জমি দরকার। সেখানে বসবাসকারী লোকজনকে (জলবায়ু উদ্বাস্তু) পুনর্বাসনের জন্য বিমানবন্দরের পূর্ব পাশে বাঁকখালী নদীর ওপারে খুরুশকুল এলাকায় ২৫৩ একর জায়গাজুড়ে নির্মাণ করা হচ্ছে পাঁচতলাবিশিষ্ট ১৩৭টি ভবন। ২০২০ সালে প্রথম দফায় ২০টি ভবনে ৬০০ পরিবারকে বিনা মূল্যের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়। আরও ৩ হাজার ২০০ পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে ৮৩টি পাঁচতলা ভবন প্রস্তুত করা হয়েছে। ২০১৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।

কিন্তু গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪ হাজার ৪০৯ জনের নামে ফ্ল্যাট বরাদ্দের তালিকাটি বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) নির্মিত বহুতল ভবনের উপকারভোগী বাছাই, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী এ প্রকল্পে পুনর্বাসনের জন্য ২০১১ সালে প্রণীত ৪ হাজার ৪০৯ জনের তালিকা ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতদুষ্ট হওয়ায় বাতিল করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনামতে খুরুশকুল ফ্ল্যাট বাড়ির প্রকৃত উপকারভোগী জলবায়ু উদ্বাস্তুদের তালিকা প্রণয়নের কাজ শুরু করে জেলা প্রশাসন। আজ সকালে ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে একটি দল সমিতিপাড়ায় নতুন তালিকা তৈরি করতে গেলে বাধার সম্মুখীন হন। একটি মহল এলাকায় ‘উচ্ছেদ অভিযানের জন্য তালিকা হচ্ছে’—এমন অপপ্রচার ও গুজব রটিয়ে সরকারি কাজে বাধার সৃষ্টি করা হয়। যে কারণে তালিকা তৈরি সম্ভব হয়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বাতিল তালিকা তৈরির সময় এলাকার কিছু প্রভাবশালী ফ্ল্যাটবাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নজনের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়েছিল। নতুন তালিকায় ওই লোকজনকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না জেনে ওই প্রভাবশালী চক্রটি ‘উচ্ছেদের’ গুজব রটিয়ে সাধারণ মানুষজনকে উসকে দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, গুজব ছড়িয়ে উপকূলীয় এলাকায় বসবাসকারী বিপুলসংখ্যক নারী-পুরুষকে সমিতিপাড়ায় জড়ো করে বিক্ষোভ করানোর মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, শনাক্ত করা হচ্ছে।

তবে উপকারভোগী চিহ্নিত করার কাজ চলবে বলে জানান ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারি নির্দেশে আমরা সমিতিপাড়ায় গিয়েছিলাম খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বাতিল তালিকার স্থলে নতুন তালিকা করতে। কিন্তু একটি মহল বাধা সৃষ্টির মাধ্যমে তালিকা তৈরির কাজ করতে দেয়নি। যেহেতু সরকারি নির্দেশ, তালিকা করতে আমরা আবার যাব।’

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, ৪০-৪২ বছর ধরে তাঁরা এই সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়াতে খাসজমিতে বসবাস করছেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে তাঁরা কুতুবদিয়া ও মহেশখালী থেকে এখানে এসে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানেরা লেখাপড়া শিখছে। নারী-পুরুষেরা নাজিরারটেক শুঁটকি মহালে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এখন বসতি থেকে উচ্ছেদ করার চক্রান্ত চলছে।