পাঁচ বছরের ভাগনিকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে তরুণী নিখোঁজ
সিলেটে পাঁচ বছরের ভাগনিসহ খালা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিশুর নাম আনহা জান্নাত (৫) এবং তরুণীর নাম নুরুন্নাহার বেগম (১৮)। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরের খুলিয়াপাড়ার বাসা থেকে আনহাকে নিয়ে জিন্দাবাজারে যাওয়ার জন্য বের হন নুরুন্নাহার বেগম। এর পর থেকে তাঁদের আর সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আনহা জান্নাত সিলেট নগরের খুলিয়াপাড়া এলাকার আবদুল আহাদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ শিশু আনহার মা জেসমিন আক্তার সিলেট কোতোয়ালি থানায় গতকাল রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে খুলিয়াপাড়ায় আবদুল আহাদের বাড়িতে ছিলেন নুরুন্নাহার বেগম। গতকাল বেলা একটার দিকে নুরুন্নাহার ভাগনি আনহা জান্নাতকে নিয়ে মুঠোফোনের হেডফোন কেনার জন্য জিন্দাবাজারের উদ্দেশে বের হন। এর পর থেকে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। নুরুন্নাহারের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ আনহার চাচা মো. সামাদ মিয়া বলেন, আনহাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো অঘটন ঘটল কি না, এ নিয়ে তাঁরা সংশয়ে আছেন। এদিকে ওই তরুণীর বাড়িতে যোগাযোগ করেও জানা গেছে তিনি বাড়িতে যাননি। বাড়ি থেকেও পরিবারের সদস্যেরা সিলেটে এসে ওই তরুণী ও শিশুর খোঁজ করছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিখোঁজ তরুণী ও শিশুর সন্ধান চালাচ্ছে পুলিশ।