রংপুরের বদরগঞ্জ
পদচারী-সেতু না থাকায় হেঁটে রেললাইন পার
গত তিন বছরে হেঁটে রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ও এর আশপাশে নেই কোনো পদচারী-সেতু। ফলে স্টেশনের পূর্ব প্রান্তের ১৮ গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন রেললাইন দিয়ে হেঁটে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। গত তিন বছরে রেললাইন পারাপার হওয়ার সময়ে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রেলস্টেশন সূত্র জানায়, ১৮৭৮ সালে এ রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। এরপর ধীরে ধীরে রেলস্টেশনের পূর্ব প্রান্তে গড়ে উঠেছে বালুয়াভাটা, চাঁদকুঠি, প্রফেসরপাড়া, ঢাঙ্গারপাড়া, কলেজপাড়া, হ্যালিপোর্ট শঙ্করপুর, লিচুবাগান, যাদুনগর, ডাক্তারপাড়া, সরদারপাড়াসহ ১৮টি গ্রাম।
এসব গ্রামের লোকজন রেললাইন পার হয়ে পশ্চিম পাশে আসে। এরপর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে বিভিন্ন প্রয়োজনে বদরগঞ্জ পৌর হাটবাজার, বদরগঞ্জ থানা, পৌরসভা কার্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে। একইভাবে ১৮ গ্রামের শিক্ষার্থীরাও রেললাইন পার হয়ে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যাওয়া-আসা করে।
ওই রেলওয়ে স্টেশন কার্যালয় ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছরে হেঁটে রেললাইন পারাপারের সময় বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের আশপাশে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, বিমল চন্দ্র রায় (৩৫), অভি হোসেন (২৪), তনু রায় (২২) ও সুবা রানী (৫৫)। এ ছাড়া ট্রেনে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে কাপড় ব্যবসায়ী ইদ্রিস আলীর। আরও অনেকে আহত হয়েছেন।
বালুয়াভাটা গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী সেলিনা খাতুন বলে, প্রতিদিন হেঁটে রেললাইন পার হয়ে বদরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে যাতায়াত করে। স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া থাকে। স্টেশনের পাশে একটা পদচারী-সেতু হলে খুব ভালো হতো।
বালুয়াভাটা এলাকার পৌর কাউন্সিলর রুহুল আমিন বলেন, দুর্ঘটনা এড়াতে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনের ওপরে একটি পদচারী-সেতু নির্মাণ করা জরুরি প্রয়োজন। এ ছাড়া ২০০৭ সালে বদরগঞ্জ সংগ্রাম পরিষদের ব্যানারে স্টেশনের পাশে পদচারী-সেতু নির্মাণের দাবিতে মিছিল-সভা ও আধা বেলা হরতাল পালন করা হয়।
বদরগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার সিদ্দিক আলী বলেন, রেলওয়ে স্টেশনের আশপাশে একটি পদচারী-সেতু নির্মাণ করা জরুরি দরকার। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে রেললাইন পারাপার হচ্ছে। এতে স্টেশনে ট্রেন আসা ও যাওয়ার সময়ে তাঁরাও ভয়ে থাকেন। বর্তমানে এই রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন চারটি যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে।