বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

আছিয়া খাতুন (৬৭)ছবি সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় আহত আরও এক নারী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছিয়া খাতুন (৬৭) নামের ওই নারী মারা যান।

২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে একটি পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হতাহত ব্যক্তিরা সবাই নারী। এ ঘটনায় আছিয়া খাতুনসহ নিহত ব্যক্তির সংখ্যা ৩-এ দাঁড়াল।

২০ জানুয়ারি রুমা–বগালেক–কেওক্রাডং সড়কে খাদে পড়ে উল্টে যাওয়া পর্যটকবাহী জিপ
ফাইল ছবি

‘ভ্রমণকন্যা’ নামের একটি সংগঠনের হয়ে হতাহত ব্যক্তিরা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে আছিয়া গতকাল রাতে আইসিইউতে মারা যান বলে নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, দুর্ঘটনার পর আছিয়া নানা সমস্যায় ভুগছিলেন। তিনি বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন।

এর আগে ঘটনাস্থলে ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪) মারা যান। জয়নাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।