বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী লাইটার জাহাজে ডাকাতি, চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের কয়লাবাহী লাইটার জাহাজ এভারগ্রিন-৪–এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন জাহাজের চারজন। গতকাল রোববার রাত দেড়টার দিকে কুতুবদিয়া চ্যানেলের জলকদর খালের মোহনায় এ ঘটনা ঘটে।

লাইটার জাহাজের মালিকপক্ষ সূত্র জানায়, গতকাল রাত দেড়টার দিকে মাছ ধরার একটি নৌকায় করে ৮ থেকে ১০ জন ডাকাত নোঙর করা লাইটার জাহাজে ওঠে। এ সময় ডাকাতেরা আতঙ্ক সৃষ্টি করার জন্য কুপিয়ে আহত করেন জাহাজের বাবুর্চি আবুল বশরকে। এরপর জাহাজের লস্কর আশিকুল ইসলাম, রুম্মন তাজ ও সৌরভ কাজীকে পিটিয়ে আহত করে মুঠোফোন, হাত খরচের টাকা ও ব্যাগ লুট করে।

আজ সোমবার ভোরে আহত চারজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত আবুল বশরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন আছে।

লাইটার জাহাজ এভারগ্রিন-৪–এর সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোফাজ্জল হোসেন বলেন, গতকাল রাতে জলকদর খালের মোহনায় নোঙর করা জাহাজে উঠে লুটপাট এবং চারজনকে আহত করার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমরা ১০ এপ্রিল থেকে বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য বহির্নোঙরের মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা পরিবহনের কাজ শুরু করেছি। এর মধ্যে এমন ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।