স্ত্রী-ছেলেমেয়েকে শেষবারের মতো ছুঁতেও পারলেন না অলি বকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অলি বকস হাসপাতাল থেকে ছুটে এসেছিলেন স্ত্রী–ছেলে-মেয়ের লাশ শেষবারের মতো দেখতে। বুধবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামে
ছবি: প্রথম আলো

দুই হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত ওয়ালিউল্লাহ ওরফে অলি বকসের। দগ্ধ শরীরে হাসপাতালের কাউকে কিছু না বলে ছুটে এসেছেন বাড়িতে। বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপে বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন।

স্ত্রী–ছেলেমেয়েকে তো আর ফিরে পাবেন না। তাই শেষবারের মতো তাঁদের ছুঁয়ে দেখতে চেয়েছিলেন অলি বকস। কিন্তু লাশ তিনটি পুড়ে এতটাই বীভৎস হয়ে গিয়েছিল যে বাড়ির উঠানে খাটিয়ায় রাখা লাশের কাছে যাওয়ারই সাহস হয়নি তাঁর। কেবল চোখ বেয়ে পড়ছিল পানি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একবার ডুকরে কেঁদে উঠে আবার নির্বাক হয়ে যান অলি বকস।

অলি বকসের বাড়ি নাটোরে বড়াইগ্রাম উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে। মঙ্গলবার রাতে তাঁর ঘরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘুমন্ত ছেলেমেয়েকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্ত্রী আটকা পড়েন।

আগুনে পুড়ে প্রাণ হারান তাঁর স্ত্রী সোমা আক্তার (২৮), তাঁদের মেয়ে অমিয়া খাতুন (৮) ও ছেলে ওমর আলী (৩)।

প্রতিবেশী ও স্বজনেরা জানিয়েছেন, আগুনে দগ্ধ হন অলি বকস ও তাঁর বন্ধু আনোয়ার হোসেন। তাঁদের দুজনকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আনোয়ার হোসেনকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

প্রতিবেশী সাহাবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তিনজনের লাশ দাফনের সিদ্ধান্ত হয়। খবর পেয়ে অলি বকস হাসপাতালের কাউকে কিছু না বলে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়িতে চলে আসেন। বুধবার সকাল আটটার বাড়ির এসে পৌঁছান তিনি। চোখ দিয়ে তখন অঝোরে পানি ঝরছিল তাঁর।

আরও পড়ুন

সাহাবুল ইসলাম আরও বলেন, অলি বকসের ইচ্ছা ছিল, ছেলেকে শেষবারের মতো নিজের হাতে গোসল করাবেন। স্ত্রী ও মেয়ের মুখটা ছুঁয়ে দেখবেন। কিন্তু তাঁদের লাশ পুড়ে এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে শেষ ইচ্ছা পূরণের সাহস হয়নি তাঁর। তাঁর শব্দহীন কান্না জানাজায় আসা অনেককে কাঁদিয়েছে। দগ্ধ শরীরে বসে জানাজা নামাজে অংশ নেন অলি বকস। এরপর দাফন শেষে এক স্বজনের সঙ্গে আবার রাজশাহী চলে যান।

শবে বরাতের রাত হওয়ায় ঘটনার সময় গ্রামের পুরুষেরা মসজিদে নামাজ আদায় করছিলেন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন আলী। তিনি প্রথম আলোকে বলেন, আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে তা নেভানোর জন্য লোকজন পাওয়া যায়নি। এ কারণে অগ্নিকাণ্ডে টিনের চাল ও টিনের বেড়ার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। তবে ততক্ষণে অলি বকসের সব শেষ হয়ে যায়।