গরু কিনে বাড়ি ফেরা হলো না মোজাম্মেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

প্রতিবছরের মতো এবারও হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বাড়ি ফিরলেন ঠিকই; তবে লাশ হয়ে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ তজু মুন্সির গ্যারেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোজাম্মেল হক (৫৬)।

রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোজাম্মেল হক চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা আবু বক্কর জানান, গতকাল বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে পদুয়া তেওয়ারি হাটে গরু কিনতে যাচ্ছিলেন মোজাম্মেল।

হাটের এক কিলোমিটার আগে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান মোজাম্মেল। পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা মোজাম্মেলকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে যায়।

ঘটনার পরপরই স্থানীয় মানুষ মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।