মিষ্টির দোকানে মাদক সেবন, প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মীকে মারধর
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজারে একটি মিষ্টির দোকানে মাদক সেবন করছিলেন তিন যুবক। এর প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিবার পরিকল্পনার এক পরিদর্শক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি জানান, আজ বৃহস্পতিবার মিষ্টির দোকানটিতে মারধরের শিকার হন তিনি।
মারধরের শিকার শরীফুল ইসলাম (৩৫) কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি নিজ ইউনিয়নেই পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত। তাঁকে মারধরের অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছে, তাঁর নাম শুভ দাস (৩০)। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের নারায়ণ দাসের ছেলে। কাওরাইদ বাজারে শুভর ‘শুভ মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি মিষ্টির দোকান রয়েছে। শ্রীপুর থানায় দেওয়া শরীফুলের লিখিত অভিযোগে শুভর সঙ্গে অজ্ঞাতনামা আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।
কাওরাইদ গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, শুভ দাস এলাকায় মাদকসেবী শুধু নন, মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মিষ্টির দোকানের আড়ালে মাদক সেবন ও বিক্রি করেন। স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন বলেন, শুভ দাসের হোটেলের ভেতরে প্রায়ই গাঁজাসহ অন্যান্য মাদক সেবন করার ঘটনা নতুন নয়। সবাই জানলেও কেউ প্রতিবাদ করে না। মাদক সেবনের কারণে এর আগে বহুবার তাঁকে সতর্ক করা হয়েছে।
মারধরের পর চিকিৎসা নিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন শরীফুল। চিকিৎসাধীন অবস্থায় শরীফুল বিকেলে প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনি শুভ মিষ্টান্ন ভান্ডার নামের খাবারের দোকানে নাশতা করতে যান। এ সময় শুভ দাস ও তাঁর দুই সহযোগী ওই দোকানে বসে মাদক সেবন করছিলেন। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে দোকানে মাদক সেবন না করার জন্য অনুরোধ করেন শরীফুল। ওই ব্যক্তিরা কথা না শুনে বাগ্বিতণ্ডায় জড়ান ও গালিগালাজ করেন। তর্কে না গিয়ে নাশতা না খেয়ে দোকান থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এ সময় শুভ দাসের নেতৃত্বে হামলার শিকার হন। লোহার রডের এলোপাতাড়ি মারধরে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান শরীফুল।
ভুক্তভোগী ব্যক্তির অভিযোগ পেয়েছেন নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।