কসবায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুই যাত্রী। আজ বুধবার সকালে উপজেলার তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া (৬৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। আহত দুজন হলেন নিহত সিরাজের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও অপর যাত্রী বাবুল মিয়া (৫২)। আহত দুজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজের এক স্বজন জানান, সিরাজ মিয়া স্ত্রীকে নিয়ে উপজেলার মনকাশাইর গ্রামে মেয়ের বাড়ি থেকে আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা করে নিজের বাড়িতে ফিরছিলেন। তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজ মিয়া। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আহত অবস্থায় মর্জিনা বেগম ও অপর এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু বলেন, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।