রংপুর সিটি নির্বাচনে ৩৩টি কেন্দ্রে ইভিএমে মক ভোটিং শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভিএমে আঙুলের ছাপ কীভাবে দিতে হবে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে এক নারী ভোটারকে। আজ নগরের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ইভিএমে ভোটদান শিখন কার্যক্রম (মক ভোটিং) শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ৩৩টি ওয়ার্ডের ৩৩টি কেন্দ্রে এসব কার্যক্রম চলছে। চলবে কাল শনিবার পর্যন্ত।

নগরের ১৮ নম্বর ওয়ার্ডে কেরামতিয়া স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে ইভিএমে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়। সেখানে আঙুলের ছাপ কীভাবে দিতে হবে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখার পর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা পারভীন নামের একজন গৃহিণী বলেন, ‘আগেও ইভিএমে ভোট দিয়েছি। আবার দেখতে এলাম নতুন কোনো পদ্ধতি আছে না। এবারের পদ্ধতি আরও সহজ মনে হলো।’

১৩ নম্বর ওয়ার্ডের নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শিখতে বেশ কয়েকজন ভোটারের সাক্ষাৎ পাওয়া গেল। তাঁরা জানালেন, ব্যালট পেপারে সিল মারার চেয়ে অনেক সহজ ইভিএমে ভোট দেওয়া। সময়ও কম লাগে। ভোট গণনাও তাড়াতাড়ি হবে।

১৪ নম্বর ওয়ার্ডে দেওডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নম্বর ওয়ার্ডে রাধাকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়, ১০ নম্বর ওয়ার্ডের কেরানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১ নম্বর ওয়ার্ডে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেল, ইভিএমে ভোটিং পদ্ধতি ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছে।

সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
রংপুরে সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে মক ভোটিং শুরু হয়েছে। আজ নগরের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

সিটির ৩০ নম্বর ওয়ার্ডের খাসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিংয়ের দায়িত্ব পালন করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাইদ। তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে ইভিএমে ভোটিং পদ্ধতি ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে ঘন কুয়াশার কারণে লোকজনের উপস্থিতি কিছুটা কম। তবে আকাশ পরিষ্কার হওয়ার পর দুপুর থেকে লোকসমাগম বাড়ছে। আশা করা যাচ্ছে, মক ভোটিংয়ের মাধ্যমে ভোটাররা ইভিএম সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রংপুর সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকক্ষে ও বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে। তিনি বলেন, সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে একই সঙ্গে রংপুর এবং ঢাকা থেকে পুরো নির্বাচনের চিত্র দেখা হবে।

রংপুর সিটি করপোরেশনের নির্বাচন ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ ও নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।