শ্রীপুরে বাড়ির পাশের ডোবা থেকে নারীর তিন টুকরা লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত এক নারীর তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তাঁর বাড়িটি স্থানীয় গার্মেন্টসের কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। রান্না ও ব্যবহার্য পানিনিষ্কাশনের জন্য আট থেকে দশ বছর আগে বাড়ির পাশে একটি ছোট ডোবা খনন করা হয়। শনিবার দুপুরে ভাড়াটেরা হঠাৎ তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা আড়াইটার দিকে পাশের ডোবায় খণ্ডিত লাশ ভাসতে দেখে তাঁরা তাঁকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ এলাকায় অনেক লোক বসবাস করেন। এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে লোকজনের টের পাওয়ার কথা। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর খণ্ডিত লাশ এনে এখানে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।