জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

বাংলাদেশ-ভারত সীমান্তফাইল ছবি

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে এলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন।

একপর্যায়ে বিজিবির সদস্যরা ওই যুবকদের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাঁরা কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন।

এ ঘটনায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা আছে।

দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। তিন যুবক তখন ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, ওই তিনজনের পরনের কাপড় ভেজা দেখে সন্দেহ হয়। এরপর তাঁরা ঘটনা খুলে বলেন।

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই কিশোর ও দুই তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪০ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার–সংলগ্ন শারিয়ালজোত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১) ও কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার শিপন মিয়া (১৯)। এ ছাড়া বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

বিজিবি জানায়, আজ ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে চারজন বাংলাদেশি তরুণ ও কিশোরকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে তাঁদের ধাওয়া দেন বিজিবি সদস্যরা। তাঁরা পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে জানিয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।