ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে উপজেলার ইছাপুর পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। এতে গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ওই মহাসড়কের পেন্নাই অংশে দুই লেনের মধ্যে এক লেনে সংস্কারকাজ শুরু করার কারণে ওই যানজটের সৃষ্টি হয়েছে বলে অনেকে ধারণা করছেন।
পেন্নাই এলাকার দোকানদার মো. ইউনুস বলেন, এ সড়ক দিয়ে দাউদকান্দি উপজেলার দক্ষিণ অঞ্চল, চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, নোয়াখালীর রায়পুর, লক্ষ্মীপুরের লোকজন রাজধানী ঢাকায় নিয়মিত যাতায়াত করেন। অসংখ্য পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, নছিমন, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল, রিকশাভ্যান এ সড়ক দিয়ে চলাচল করে। অথচ ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দুই লেনের মধ্যে এক লেনে সংস্কারকাজ শুরু করেছে।
আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মতলব সড়কে তীব্র যানজটে স্থবির হয়ে আছে। ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। মাত্র দুই কিলোমিটার সড়ক ও মহাসড়ক অতিক্রম করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগছে।
ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের বাসচালক মো. শামীম, যাত্রী চাঁদপুরের মুন্সীর হাটের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ঢাকার চাকরিজীবী হাফছা আক্তার, মতলব এক্সপ্রেসের আরেক বাসচালক মো. সাব্বির, বাসযাত্রী চাঁদপুরের বাবুর হাটের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী আয়ুব খান, ঢাকা থেকে মতলবগামী জৈনপুরী এক্সপ্রেসের বাসচালক রোকন উদ্দিন, বাসযাত্রী চাঁদপুরের বাবুর হাটের বাসিন্দা ঢাকার চাকরিজীবী মামুন মিয়া আজ বেলা পৌনে দুইটায় পেন্নাই এলাকায় যানজটে আটকে থেকে বলেন, তাঁরা একই স্থানে এক ঘণ্টার বেশি সময় আটকে আছেন। রোজা রেখে গরমের মধ্যে খুবই কষ্ট পাচ্ছেন। কখন যানজট নিরসন হবে, তা তাঁদের জানা নেই। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তিরা দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
জৈনপুরী পরিবহনের বাসচালক মো. সুজন, যাত্রী চাঁদপুর সদরের বাসিন্দা চাকরিজীবী ইমরান হোসেন একই দুর্ভোগের কথা বলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সন্দীপ কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে কাজ করছে। তাদের সহযোগিতায় যানজট নিরসনের চেষ্টা চলছে।
সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি দেখছেন।