‘ফেনীর মানুষ আর কোনো দিন সিনেমা হলে ছবি দেখবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী দুলাল সিনেমা হল ভাঙার কাজ চলছে। সেখানে গড়ে তোলা হবে বহুতল ভবন। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের স্টেশন রোডে
ছবি: প্রথম আলো

ফেনী শহরের স্টেশন রোডের ৭০ বছরের পুরোনো ‘দুলাল সিনেমা হল’ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে গড়ে তোলা হবে বহুতল ভবন ও আধুনিক বিপণিবিতান। এতে ফেনী জেলায় আর কোনো সিনেমা হল অবশিষ্ট থাকবে না। একসময় ফেনী শহর, ফুলগাজী ও দাগনভূঞায় ছয়টি সিনেমা হল থাকলেও বর্তমানে আর কোনোটির অস্তিত্ব নেই।

বেশ কয়েক বছর ধরে দর্শকসংখ্যা কমে যাওয়ায় সর্বশেষ শহরের স্টেশন রোডের সিনেমা হলটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেখানে বহুতল বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৫২ সালে ফেনীর ক্রীড়া সংগঠক খায়রুল এছাক মিয়া শহরের রেলস্টেশন রোডে ছেলের নামে ‘দুলাল সিনেমা হল’ চালু করেন। তবে মানসম্মত চলচ্চিত্রের অভাব ও তথ্যপ্রযুক্তির উৎকর্ষে দর্শকেরা হল বিমুখ হওয়ায় এ ব্যবসা সংকটে পড়ে।

প্রায় ৬৩ বছর আগে দুলাল সিনেমা হলে জীবনের প্রথমবারের মতো সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়েছিলেন শহরের প্রবীণ ব্যক্তি সামছুল আলম। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘স্মৃতিবিজড়িত দুলাল সিনেমা হল হারিয়ে যাচ্ছে। এখন থেকে ৬৩ বছর আগে গ্রাম থেকে প্রথম ছবি দেখতে এসেছিলাম এখানে। বন্ধুরা মিলে চার আনায়, আট আনায় টিকিট কিনে এখানে ছবি দেখেছি। তখনকার সময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল টিকিট কিনে হলে বসে ছবি দেখা। সেখানে এখন গড়ে উঠবে আধুনিক অট্টালিকা। ফেনীর মানুষ আর কোনো দিন সিনেমা হলে ছবি দেখবে না, ভাবতেই কষ্ট লাগে।’

জেলার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ফেনী শহরে দুলাল সিনেমা হল, সুরত মহল সিনেমা হল, বিলাসী সিনেমা হল ও কানন সিনেমা হল নামের চারটি সিনেমা হল ছিল। এ ছাড়া ফুলগাজী উপজেলায় বিউটি সিনেমা হল ও দাগনভূঞা উপজেলায় ঝর্ণা সিনেমা হল নামে আরও দুটি সিনেমা হল চালু ছিল। এসব হলে ছবি দেখার জন্য হাজারো দর্শক ভিড় করতেন। জেলার প্রত্যন্ত অঞ্চল, এমনকি চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সেনবাগ, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট থেকে অনেকে ফেনীতে সিনেমা দেখতে আসতেন।

সুরত মহল হলো ফেনীর প্রথম সিনেমা হল। আফজালুর রহমান নামের এক ব্যক্তি পাকিস্তান আমলে হলটি চালু করেন। তখন শহরের প্রাণকেন্দ্র–খ্যাত ট্রাংক রোডের সুরত মহল ছিল ফেনীর একমাত্র সিনেমা হল। এর পর দেশ স্বাধীনের পর ১৯৭৮ সালে আবুল কালাম আজাদ পেয়ারা ও মমতাজুল হক ভূঞার হাত ধরে শহরের মাস্টারপাড়া মোড়ে চালু হয় কানন সিনেমা হল। ১৮৮০ সালের পর নুর মিয়া নামের আরেক ব্যক্তি শহরের একাডেমি রোডে চালু করেন বিলাসী নামের আরও একটি সিনেমা হল।

২০০৩ সালে আফজালুর রহমানের মৃত্যুর পর তাঁর ছেলে বাচ্চু মিয়া সুরত হলের দায়িত্ব নেন। পরে সিনেমা হলটি ভেঙে ফেনী সুপার মার্কেট গড়ে তোলা হয়। বিলাসী সিনেমা হলের প্রতিষ্ঠাতা নুর মিয়া মারা যাওয়ার পর তাঁর ছেলেরা এটি চালানোর জন্য স্থানীয় স্থানীয় কমিশনার ওমর ফারুকের কাছে ভাড়া দেন। তবে দর্শক–সংকটের কারণে লোকসানের মুখে ২০০২ সালে হলটি ছেড়ে দেন তিনি। এর পর থেকে সেটি বন্ধ হয়ে যায়। পরে হলের ভবনটি ভেঙে ফেলা হয়।

৭০ বছরের পুরোনো দুলাল সিনেমা হলের মূল ফটক
ছবি: প্রথম আলো

করোনা মহামারির আগ পর্যন্ত কানন সিনেমা হলের পর্দায় নায়ক–নায়িকাদের দেখা যেত। এর আগের কয়েক বছর লোকসানের মধ্যে মালিকপক্ষ হলটি চালু রেখেছিল। তবে করোনায় হলটি বন্ধ হওয়ার পর আর চালু হয়নি। সম্প্রতি মালিকপক্ষ হলটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণকাজ শুরু করেছেন।

স্থানীয় প্রবীণ সিনেমাপ্রেমীরা বলেন, পরিবেশ, নিরাপত্তা ও পরিচ্ছন্ন আসনব্যবস্থার কারণে সুরত ও দুলাল সিনেমা হলই দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। তবে গত কয়েক বছরে একে একে সব হল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আফসোস করেন।

শহরের প্রবীণ সাংবাদিক মাহবুবল আলম বলেন, আগে সিনেমা প্রদর্শনের পাশাপাশি সিনেমা হলে মাঝেমধ্যে সভা-সেমিনারের আয়োজন করা হতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফেনীতে এসেছিলেন। তখন তিনি সুরত সিনেমা হলে সভা করেছিলেন। পরে সেখানে বাকশালের সভাও হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ছোটখাটো কর্মিসভাও হতো। তবে এখন সিনেমা হলের গুরুত্ব হারিয়ে গেছে। তাই সময়ের ব্যবধানে জেলার রুপালি পর্দার স্মৃতিচিহ্নটুকু হারিয়ে গেল।