পাবনায় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলার ঈশ্বরদী উপজেলার তিনটি জায়গায় পৃথক অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের মেরিনপাড়া গ্রামের কামাল শাহিন হোসেন (২০), দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিক (৪৭) ও মানিকনগর গ্রামের মমিনুর ইসলাম (৩৩)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি ও জনমনে ভীতি–আতঙ্ক সৃষ্টি করছিলেন। চক্রটির ব্যাপারে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। সপ্তাহখানেক জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের নজরদারির মধ্যে রেখেছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রথমে মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হযরত প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর ও মেরিনপাড়ায় আরও দুটি অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সেলফ লোডেড এসএলআর রাইফেল, একটি পয়েন্ট ২২ রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ৯ এমএম পিস্তল ও একটি ৭ দশমিক ৬৫ এমএম লোডেড পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ৪১টি কার্তুজ ও সাতটি গুলি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সন্ত্রাসী। নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টিতে তাঁদের কোনো পরিকল্পনা ছিল কি না, সেই তথ্য পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে। চক্রের অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।