সড়ক সম্প্রসারণের দাবিতে গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে সড়ক সম্প্রসারণের দাবিতে গ্রামবাসীর মহাসড়ক অবরোধ। শনিবার দুপুরে সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায়

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহতের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন গ্রামবাসী। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার শুকতাইল গ্রামের কয়েক শ বাসিন্দা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী সড়ক সম্প্রসারণ ও সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু গ্রামবাসী পুলিশের অনুরোধ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যান। পরে সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মহসীন উদ্দিন উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। পরে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ প্রথম আলোকে বলেন, নানা প্রয়োজনে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে সড়ক পারাপার হয়। কিন্তু মহাসড়কের দুই পাশে দোকানপাট থাকায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই বাজার এলাকায় মহাসড়ক সম্প্রসারণ ও বিকল্প পারাপারের ব্যবস্থা করলে দুর্ঘটনা রোধ হবে। প্রশাসনের আশ্বাসে তাঁরা দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাব্বির রহমান বলেন, ২৪ আগস্ট গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। মহাসড়কের ওই জায়গা সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিকল্প পারাপারের ব্যবস্থার দাবিতে আধা ঘণ্টার মতো গ্রামবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, ২৪ আগস্ট গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হন। ওই দুর্ঘটনায় শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখের ছোট ভাই ফরহাদ হোসেন শেখও নিহত হন।