গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার দড়ি বাউশিয়া গ্রাম থেকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, গতকাল রোববার রাত ১২টার দিকে পুলিশের তালিকাভুক্ত নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে নির্যাতন ও মারধর করে ফেলে রেখে যায়।
নিহত মো. রাকিবে (২২) বাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে প্রায় দেড় বছর ধরে বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে বাসায় ভাড়া থাকতেন।
রাকিবের মা রুমি বেগম সাংবাদিকদের জানান, গতকাল রাতে রাকিব বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে তিন যুবক গাড়ি নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তাঁরা রাকিবকে পিয়াসের কাছে নিয়ে যেতে চান। তিনি আপত্তি করেন। যুবকেরা জানান, পিয়াসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁরা রাকিবকে বাড়িতে পৌঁছে দেবেন। বিশ্বাস না হলে মুঠোফোনে তাঁদের ছবি তুলে রাখতে বলেন। সারা রাত রাকিব বাড়ি ফেরেননি। তাঁর ফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। আজ ভোরে তাঁরা খবর পান, বালুরচর এলাকায় নদীর পাড়ে এক যুবককে ফেলে রাখা হয়েছে। সেখানে গিয়ে রাকিব মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোলায়মান জানান, ভোর সোয়া পাঁচটার দিকে রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে দৃশ্যমান আঘাত বা বড় কোনো জখম নেই। তবে শরীরের পেছনে হালকা কালো দাগের মতো দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাকিবের খালা রোজিনা বেগম বলেন, ‘রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও শ্বাসরোধ করে আধমরা অবস্থায় নদীর পাড়ে ফেলে গেছে। আমরা এর বিচার চাই।’
এসব অভিযোগের বিষয়ে পিয়াস বলেন, ‘রাকিব আমাদের দলের। ও আমাদের সাথে চলাফেরা করত। আমার সঙ্গে কয়েকটি মামলার আসামিও। সে সম্পর্কে আমার ভাগনে। তার মৃত্যুর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। মূলত আমাদের নাম বলে আমাদের প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। সে দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’