নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাঘাতে আহত
নাটোরে পূর্ববিরোধের জেরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা তিনটার দিকে শহরের বঙ্গজল এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর বলেন, জুমার নামাজ শেষে তিনি শহরের বঙ্গজল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপি কর্মী শাওন আলীসহ পাঁচজন যুবক তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হামলাকারীর তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে পিঠের ভেতরে থাকা ছুরির মাথা বের করা হয়। এ ঘটনার পরপর বঙ্গজল এলাকায় উভয় পক্ষের কর্মী–সমর্থকেরা জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জাহাঙ্গীর এ ঘটনার জন্য প্রতিপক্ষ শাওন ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন। তবে শাওন আলী ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক কাজী জালাল উদ্দিন বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আহত জাহাঙ্গীরের চিকিৎসা চলছে। আজ বিকেল পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। আহত জাহাঙ্গীর আলম একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক লীগে চলে আসার এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।