ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়, আটক ১

হাতকড়াপ্রতীকী ছবি

ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৬)। তিনি একই গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওই এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। এলাকায় তিনি বিচার সালিস করেন। তবে তিনি বিএনপির কোনো পদে নেই।

ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ খান বলেন, সাইফুল ইসলাম কেশবনগর গ্রামের কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ৭০০ থেকে এক হাজার টাকা করে আদায় করেছেন। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে বিষয়টি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, না বুঝেই তিনি এমন কাজ করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। যেসব ব্যক্তি তাঁর দ্বারা প্রতারিত হয়েছেন তাঁদের খবর দেওয়া হয়েছে। তাঁরা যদি এ ব্যাপারে মামলা করেন তবে সেই মামলায় মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।