ফরিদপুরে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট পাঁচ শিশুর মৃত্যু হলো। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির নাম আবদুল্লাহ (আট মাস)। সে ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার বাসিন্দা মো. তানজিলের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ শনিবার বিকেলে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ফরিদপুরের একজন, গোপালগঞ্জের একজন, রাজবাড়ীর একজন ও মাদারীপুরের দুজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, ভর্তির সময় শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭ জন।
এ বছর জানুয়ারি মাস থেকে ফরিদপুরের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৫৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০৭ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮৩ জন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ বাকি রোগীরা জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।