বকশীগঞ্জে ওসির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
লুটের ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। রোববার দুপুরে বকশীগঞ্জ থানায় অশালীন আচরণের ঘটনা ঘটে।
থানায় তথ্য সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, শনিবার রাত আড়াইটার দিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়ি থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে সোনা ও টাকা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে তথ্য নিতে ৮ থেকে ১০ জন সাংবাদিক রোববার দুপুর থানায় যান। থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের তথ্য না দিয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন।
থানায় তথ্য নিতে যাওয়া বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এম শাহীন আল আমীন বলেন, ‘একটি লুটের ঘটনার তথ্য নিতে একদল সাংবাদিক একসঙ্গে থানায় যায়। তথ্য চাওয়াতে ওসি ক্ষুব্ধ হন। তারপর ওসি বলেন, সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি (ওসি) আপনাদের সঙ্গে কথা বলতে রাজি নই। আপনারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনো বক্তব্য দেব না, যা পারেন করেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন ওসি।’
অভিযোগের বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অশালীন কোনো আচরণ করা হয়নি। সাংবাদিকদের মধ্যে একজন ওই চুরির ঘটনায় ফেসবুকে দুই রকমের তথ্য প্রচার করেছেন, একবার বলেছেন, প্রায় ২০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার, আবার বলেছেন প্রায় ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার। আমি এই বিষয়ে তাঁকে বলেছি, আপনিই তো দুই রকমের তথ্য উপস্থাপন করেছেন। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে। তবে কোনো অশালীন আচরণ করা হয়নি।’
থানায় তথ্য সংগ্রহ করতে যাওয়া অন্য সাংবাদিকেরা হলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি আবদুল লতিফ, যুগান্তর পত্রিকার প্রতিনিধি সরওয়ার জামান, তৃতীয় মাত্রার প্রতিনিধি সরকার আবদুর রাজ্জাক, সমকালের প্রতিনিধি মাসুদ উল হাসান, ভোরের দর্পণের প্রতিনিধি মতিন রহমান, দেশের কণ্ঠের প্রতিনিধি এম এ ছালাম মাহমুদ।