প্রশাসনের গাফিলতি
ইজারার টাকা না দিয়ে জলমহাল দখলে
বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে কার্যাদেশ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটিও জেলা প্রশাসন কার্যকর করেনি।
জলমহাল বন্দোবস্ত পাওয়ার পর ইজারার টাকা বকেয়া রেখে জলমহালে নামার কোনো সুযোগ নেই। ইজারার শর্ত অনুযায়ী, কোনো মৎস্যজীবী সমিতি বন্দোবস্ত পেলে মূল টাকার সঙ্গে ভ্যাট ও আয়কর প্রদান করা সাপেক্ষে জলে নামতে পারবে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর ছয়ঘরিয়া মরানদী মৎস্যজীবী সমবায় সমিতি। তারা ২০২২ সালে রাধানগর ছয়ঘরিয়া মরানদী জলমহালটি ইজারা পেলেও পুরো অর্থ পরিশোধ না করেই দখলে রেখেছে। এতে সরকারের প্রায় কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তাদের গাফিলতির কারণে এক বছর পার হতে চললেও এ অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। দুই দফা চিঠি দেওয়ার পরও রাজস্ব জমা হয়নি। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চিঠি দিয়ে ৭ কার্যদিবসের মধ্যে অর্থ বুঝে না পেলে কার্যাদেশ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করে নতুন করে দরপত্র আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটিও জেলা প্রশাসন অজ্ঞাত কারণে কার্যকর করেনি।
মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘এর আগে আমাদের একটি সমিতি জলমহালটি বন্দোবস্ত পায়। সে সময় সব টাকা পরিশোধ করার পর জলমহালে মাছ ধরার অনুমতি দেয়। এখন যারা পেয়েছে, তারা অর্থ জমা না দিয়ে ভোগদখল করছে। সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। একই সঙ্গে আইনের ব্যত্যয় করা হচ্ছে।’
জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, রাধানগর ছয়ঘরিয়া মরানদী জলমহালটি তিন বছরের জন্য ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিন বছরের জন্য ইজারা পান রাধানগর ছয়ঘরিয়া মরানদী মৎস্যজীবী সমবায় সমিতি। ইজারার শর্ত অনুযায়ী, বার্ষিক ইজারা মূল্য ৪১ হাজার ৭৭ হাজার ৫০০ টাকা, যা প্রতি বাংলা সনের শুরুতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর যোগ করে পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রতি বৈশাখে ৫০ লাখ ১৩ হাজার টাকা পরিশোধ না করে সমিতি জলমহালটিতে নামতে পারবে না। তিন বছরে মোট পরিশোধ করতে হবে ১ কোটি ৫০ লাখ ৩৯ হাজার টাকা।
জলমহালটি বন্দোবস্ত হওয়ার পর সমিতির সভাপতি রেজাউল হককে চিঠি দিয়ে অর্থ জমা দিয়ে নদী বুঝে নেওয়ার জন্য বলা হয়। গত বছরের (১৪২৯ সন) বৈশাখ মাসের আগেই চিঠি দেওয়া হলেও তিনি অর্থ জমা না দিয়ে জলাশয় দখল করে নেন। পরে কয়েক দফা মৌখিকভাবে ও চিঠি দিয়ে সতর্ক করার পর মাত্র ৩০ লাখ টাকা জমা দেন তিনি। এরপর আর কোনো অর্থ জমা দেননি। এমনকি দ্বিতীয় বছরের দুই মাস পেরিয়ে গেলেও এ বছরের টাকাও জমা দেননি তিনি।
এর মাঝে গত বছর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজস্ব না দিয়ে জলমহাল দখল করে নেওয়ার বিষয়ে অভিযোগ দেন স্থানীয় জেলেরা। চিঠি পাওয়ার পর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৭ কার্যদিবসের মধ্যে টাকা উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়। অর্থ না দিলে ইজারা বাতিলের কথা বলা হয় ওই চিঠিতে। এদিকে গত বছরের এপ্রিল ও আগস্ট মাসে দুই দফা চিঠি দিয়ে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রেজাউলকে। গত অর্থবছর ও এ অর্থবছর মিলিয়ে তাঁর কাছে এখন সরকারের পাওনা ৭০ লাখ টাকা।
জানতে চাইলে জলমহালটির ইজারাদার রেজাউল ইসলাম বলেন, ‘কিছু কারণে সব অর্থ জমা দিতে পারিনি। দুই দফা চিঠি পেয়েছি। টাকা পরিশোধ করব বলে জানিয়েছি।’
বিষয়টি জানতে জেলা প্রশাসকের রাজস্ব শাখার নাজির আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রেজাউল ইসলাম টাকা পরিশোধ না করে জলমহাল ভোগ করছেন। তাঁকে চিঠি দিলেও তিনি কর্ণপাত করছেন না।’ কেন তাঁকে এমন সুবিধা দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সঙ্গে কথা বলতে বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু প্রথম আলোকে বলেন, ‘টাকা আদায় না হওয়ায় আমরাও বিপাকে আছি। দুইবার নোটিশ করেছি। কয়েক দিন আগে জলমহাল ইজারা কমিটির বৈঠক হয়েছে। এবার চূড়ান্ত নোটিশ দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, কিছু জটিলতার কারণে এ সমিতির বন্দোবস্ত বাতিল করা হয়নি। অনেক সময় আইনে থাকলেও বাস্তবতার কারণে অনেক কিছু করা যায় না।