জাহাঙ্গীরনগরে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেন। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন ৯০ জন অস্থায়ী কর্মচারী। চাকরি স্থায়ী না করা হলে ২৩ এপ্রিল থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা করেছেন।

মানববন্ধনে সুফিয়া কামাল হলে নিরাপত্তা প্রহরী মুনির হোসেন বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য তাঁরা বিগত সময়ে বিভিন্নভাবে আন্দোলন করেছেন। তাঁদের কারও কারও চাকরির বয়স ১০ থেকে ১৫ বছর। এখন পর্যন্ত চাকরি স্থায়ী করা হয়নি। দুয়েকবার আশ্বাস দেওয়া হলেও চাকরি স্থায়ী করা হয়নি।

মুনির হোসেন বলেন, ‘আমাদের বেতন নিয়েও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈষম্য করে থাকে। রোজার মধ্যে ঈদের আগে আমাদের যে বেতন দেওয়া হয়েছে, সেখানেও ৩০ দিনের বেতন না দিয়ে ২৪ দিনের বেতন দেওয়া হয়েছে। আমরা টাকাপয়সা চাই না, আমাদের চাকরি স্থায়ী করা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিয়ে যে ছেলেখেলা খেলছে, এটা যাতে আর না হয়, তার জন্য আহ্বান জানাচ্ছি।’

আন্দোলনরত কর্মচারীদের ভাষ্য, যে বেতন তাঁরা পান, সেটা দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বঙ্গমাতা হলের মালি পদে কর্মরত সুধীর সরকার বলেন, ‘১৪ থেকে ১৫ বছর আমরা যে লাঞ্ছনার শিকার হয়েছি, তা থেকে মুক্তি চাই। বাংলাদেশ ২০২৪ সালে নতুন করে ফ্যাসিবাদমুক্ত হয়েছে, স্বাধীনতা এসেছে, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা আসেনি। আমরা কোনো সুফলও পাইনি।’

চাকরি স্থায়ী না করা হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে সুফিয়া কামাল হলের নিরাপত্তাপ্রহরী শামসুল আলম বলেন, ‘আমাদের একটাই দাবি, চাকরি স্থায়ী করতে হবে। এই দাবিতে আমরা মানববন্ধন, অনশনসহ বিভিন্নভাবে আন্দোলন করেছি। কিছুদিন আগেও আমরা স্মারকলিপি দিয়েছি। যদি আমাদের চাকরি স্থায়ী না করা হয়, তাহলে আমরা ২৩ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতিতে যাব।’