শেরপুর-৩ : জামায়াতের মনোনয়ন পেলেন দলের প্রয়াত প্রার্থীর ভাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলের প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান।
মাসুদুর রহমান শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। মাসুদুর রহমান সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় কমিটি যোগ্যতা বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেয়। এ লক্ষ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তৃণমূল নেতাদের পৃথকভাবে গোপন ব্যালটে মতামত নেওয়া হয়। সেই মতামত কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে মাসুদুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়।
জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, ‘তৃণমূলের মতামত ও প্রার্থীর সম্মতি সংযুক্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। তবে আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাওয়া যায়নি। আজ রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছি। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে।’
এদিকে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। নির্বাচন স্থগিত হওয়ার আগেও তিনিই দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। পরদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আসনটির নির্বাচন বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
নির্বাচন কমিশন ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।