গভীর রাতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ককে বাড়ি থেকে গ্রেপ্তার
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিনকে গতকাল মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে র্যাব। গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁকে আটক করা হয়। এরপর রাতেই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
ফেনী মডেল থানার পুলিশ তাঁকে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
র্যাব ৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় শেখ ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, শহরের দাউদপুর চৌধুরী বাড়ি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাত একটার দিকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির এক দফা আন্দোলনের পঞ্চম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে গতকাল সন্ধ্যায় ফেনীতে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক (এসএসকে রোড) ও মহিপাল এলাকায় মিছিল করেন তাঁরা।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে এসব এলাকা প্রদক্ষিণ করেন।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বলেন, র্যাবের সদস্যরা রাতেই জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিনকে ফেনী থানায় সোপর্দ করেছেন। তাঁর বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা রয়েছে। তাঁকে আজ বুধবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বিএনপির এ আন্দোলনকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবরের পর থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন ছাড়াও যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সম্পাদক নাসির উদ্দীন খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১২৩ জন দলীয় নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার জাকির হাসান বলেন, জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন।