নারী ইউপি সদস্যদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে অপরাজিতাদের সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের দায়িত্বে থাকে তিনটি ওয়ার্ড। আর একজন সাধারণ সদস্যের দায়িত্ব থাকে শুধু একটি ওয়ার্ড। এরপরও সাধারণ ওয়ার্ডের সদস্যদের তুলনায় সংরক্ষিত নারী সদস্যরা বরাদ্দ কম পান। এতে ওয়ার্ডগুলোর বাসিন্দারা কোনো দাবি নিয়ে এলে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকে না নারী ইউপি সদস্যদের।

এ ব্যাপারে দেশের আইনপ্রণেতাদের কাছে তাঁদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানান সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে অপরাজিতাদের সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তাঁরা এই দাবি জানান। সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ও হেলভেটাস বাংলাদেশের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা পিপ ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় তাহিরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেন, রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের কথা থাকলেও সেটি শুধু কাগজে–কলমে। কোনো নারী নেত্রীকে মূল দলের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় না। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেত্রী ফারজানা আক্তার বলেন, গত উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু স্থানীয় নেতারা কেন্দ্রে তাঁর নাম পাঠাননি। যদিও পরে তিনি কেন্দ্রে দলীয় মনোনয়ন বোর্ডে নিজের নাম উত্থাপন করতে পেরেছিলেন।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  ও পিপ ট্রাস্টের উপদেষ্টা আরমা দত্ত। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন। প্রোগ্রামের সমন্বয়কারী শেফালী বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সিলেট মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাজেদা রওশন।
সংলাপ অনুষ্ঠানে সিলেট বিভাগের তিন জেলার ১১ উপজেলার ৮৫ ইউনিয়নের নারী জনপ্রতিনিধি ও নারী নেত্রীরা।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন নারীরা। রাজপথ থেকে ঘর—সবকিছু সমানতালে সামলে যাচ্ছেন। নারী অধিকার প্রতিষ্ঠায় নারীদের একত্র হওয়ার আহ্বান জানান বক্তারা। নারীদের দাবিকৃত বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও জানান বক্তারা।