কুড়িগ্রামে নদ-নদীর পানি কমছে, এখনো পানিবন্দী ছয় হাজার মানুষ
কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সব নদ-নদীতে পানি কমতে শুরু করেছে। তবে এখনো জেলার নিম্নাঞ্চলের ছয় হাজারের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এতে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। দুর্ভোগে আছে গবাদিপশুও।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার সকাল থেকে জেলার সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঈদের আগে আর বন্যার কোনো আশঙ্কা নেই।
শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা যায়, উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকার পূর্ব বালাডোবা, কালির আলগা, মুশারচর ও কুড়িগ্রাম সদরের প্রথম আলো চর, পোড়ার চরসহ ১০টি চরের শতাধিক পরিবারে বসতবাড়িতে পানি ওঠায় লোকজন নৌকা ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে তাঁরা ঠিকমতো রান্না করতে পারছেন না।
আলগা চরের বাসিন্দা আবদুল মমিন বলেন, গবাদিপশুগুলোর মুখের দিকে তাকাতে পারেন না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ঘাস পানিতে ডুবে গেছে। সংরক্ষণ করে রাখা খড় কম কম করে দিয়ে কোনো রকমে গরু-বাছুর বাঁচিয়ে রেখেছেন।
প্রথম আলো চরের বাসিন্দা মিনারা বেগম বলেন, বন্যার এক সপ্তাহ আগে গঙ্গাধর নদের ভাঙনে তিনি ভিটেহারা হয়েছেন। পরে প্রথম আলো চরে এসে বাড়ি করলেও ভিটে উঁচু করার সময় পাননি। এরই মধ্যে বাড়িতে পানি উঠেছে।
পাউবোর কুড়িগ্রাম কার্যালয় সূত্র জানায়, শুক্রবার থেকে কুড়িগ্রামের সব কটি নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলা তিনটার দিকে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া কুড়িগ্রাম সদরের ধরলার সেতু পয়েন্টে ৩৯ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৫৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৬৪ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৯১ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।