গাজীপুরে দুই মহাসড়কেই যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। আজ শুক্রবার সকাল নয়টায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। আজ শুক্রবার সকালে কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ একযোগে বাড়ি ফেরায় গতকাল বৃহস্পতিবার রাতভর মহাসড়কে বাড়তি চাপ সৃষ্টি হয়। মানুষের পাশাপাশি যানবাহন কয়েক গুণ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলে ধীরগতিতে। কিন্তু ভোর থেকে পরিস্থিতির উন্নতি ঘটার পরও এখন গাড়ির ধীরগতি রয়েছে।

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমি থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে চলছিল যানবাহন। চন্দ্রা মোড় থেকে নবীনগরের দিকে এবং চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে ব্যাপক যানজট লেগে ছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে যানজট কিছুটা স্বাভাবিক হলেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

পুলিশ জানায়, যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন, হাইওয়ে ও জেলা পুলিশ।
শিল্প-অধ্যুষিত গাজীপুরের ৭৭ শতাংশ শিল্পকারখানা গতকাল দুপুরের পর ছুটি হয়ে গেছে। এরপরই এসব কারখানার শ্রমিকেরা বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাতভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে ছিল যানজট; কখনো কখনো ধীরগতিতে চলেছে যানবাহন। নবীনগর হয়ে জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে সৃষ্টি হয় যানজট।

একই অবস্থা ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত। কখনো থেকে থেমে চলেছে যানবাহন। কেউ বাসে, কেউ ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যে যেভাবে পারেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কয়েক গুণ বেশি ভাড়া হলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই যাত্রীদের। তবে সকাল সাড়ে আটটার পর থেকে যানবাহনের গতি রাতের থেকে বেড়েছে।

আরও পড়ুন

সকালে চন্দ্রায় গিয়ে দেখা যায়, কালিয়াকৈর থেকে টাঙ্গাইল যেতে জনপ্রতি খরচ হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা। এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পার হলেই যেকোনো পরিবহনে গুনতে হচ্ছে জনপ্রতি সর্বনিম্ন হাজার টাকা। একই চিত্র ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চৌরাস্তা এলাকাতেও।

আজ সকালে কথা হয় আরিফুল ইসলাম নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল ছুটি হলেও যানজটের কারণে বের হইনি। আজ সকালে বের হয়েছি। তবে গতকালের মতো যানজট এত নেই। থেমে থেমে চলছে গাড়ি।’

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গতকাল অধিকাংশ কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কে কিছু জায়গায় থেমে থেমে গাড়ি চলছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে।