খুলনায় সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, যেকোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে।

আজ শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছে। খুলনার মানুষ বাঁচতে চায়, তারা শান্তি চায়, নিরাপত্তা চায়।

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, কোপাকুপি ও চাঁদাবাজির ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, চলতি বছরেই খুলনায় রাজনীতিক, ব্যবসায়ীসহ ৭৮ জন খুন হয়েছেন। এই রক্তপাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সভ্য সমাজে দিনের পর দিন এভাবে মানুষ খুন হতে পারে না।

অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে জানান আবুল কালাম আজাদ।

খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, খুলনা–২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, আবু রুবাবা, আবু বকর সিদ্দিক ও আ ন ম আবদুল কুদ্দুস।

বৈঠক শেষে সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। আমি আমার জায়গা থেকে সেই সহযোগিতা দিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।’

খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ জাহাঙ্গীর হুসাইন বলেন, খুলনার মানুষ নিরাপত্তা, স্বস্তি ও স্বাভাবিক জীবন যাপন করতে চায়। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে। কখন, কোথায় কী ঘটনা ঘটে, তা নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তিনি আরও বলেন, ভয়ে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে প্রতিবাদে নেমেছেন। এটি সবার জন্য লজ্জার।

পৃথক অভিযানে অস্ত্র–গুলি উদ্ধার

খুলনায় পৃথক দুটি অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪টি গুলি উদ্ধার করেছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–৬। গতকাল শুক্রবার রাতে নগরের দৌলতপুর ও সদর থানা এলাকায় দুটি অভিযান চালিয়ে এসব অস্ত্র–গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজিয়া বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে এক তথ্যের ভিত্তিতে নগরের দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর একটি দল। এ সময় ২টি বিদেশি পিস্তল, ১৪টি গুলিসহ রাজিয়া বেগমকে আটক করা হয়েছে। রাজিয়া খুলনার পাবলা এলাকার বাসিন্দা।

এদিকে গতকাল রাত দুইটার দিকে নগরের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শুটারগান উদ্ধার করে এসআরবি। নগরের দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৬ সূত্র জানায়, রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে সদর থানা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।