আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট
‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে’ আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইন। এ ছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আকবর হোসাইন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টের নিচে পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্যও করেছেন।
গতকাল ফেসবুক পোস্টে আকবর লেখেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব...দিয়ে রাজনীতি চলবে না।’ পরে বুধবার দুপুরে পৃথক আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’
ফেসবুকে পোস্ট দুটি দেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন আকবর হোসাইন। বুধবার রাত সোয়া আটটার দিকে বলেন, ‘আমার পোস্টের যথার্থতা বুঝতে হবে। আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। আর বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করতেছে বিএনপির পরে, তারা প্রপার ওয়েতে রাজনীতিটা করতে পারতেছে না।’
আকবর হোসাইন আরও বলেন, ‘আমার পোস্টের অর্থ হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে আরেকটা শক্তিশালী বিরোধী দল বা সরকারি দল লাগবে। বর্তমানে যারা আছে, তারা সঠিক ওয়েতে রাজনীতিটা করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। সেখানে একটা কথা আছে, আমি চাচ্ছি যে যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, দণ্ডিত বা অপরাধে জড়িত, ওদের বিচারের আওতায় এনে বৃহৎ একটা গোষ্ঠী বাংলাদেশে এখনো আছে, ওদের পুনর্বাসনের কথা বলছি আমি।’
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’