বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ

নিহত মিনাজ আহমেদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল কিশোর। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা করছিল সে। এরপর সে পানিতে তলিয়ে যায়। এ ঘটনার তিন ঘণ্টা পর পুকুরের ঘাটের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মিনাজ আহমেদ (১৪। সে সীমান্ত নামে এলাকায় পরিচিত। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সীমান্ত স্থানীয় ছনখোলা দরবেশের মাজার পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা শুরু করে সে। এর মধ্যে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে তার বন্ধুরা ও আশপাশের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কবিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে পুকুরের ঘাটলার সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, সীমান্ত সদর নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের কাছে সে প্রাণবন্ত ও হাসিখুশি কিশোর হিসেবে পরিচিত ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

সীমান্তের চাচা মো. দ্বীন মোহাম্মদ জানান, প্রায় ১০ মাস আগে সীমান্তের বাবা জহিরুল ইসলাম মারা যান। বাবার মৃত্যুর পর মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সীমান্ত। ছেলেকে হারিয়ে মা কামরুন নাহার দিশাহারা হয়ে পড়েছেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে তিনি বিলাপ করছেন।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল কবির সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত আটটার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া প্রথম আলোকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত সীমান্তের চাচা মো. দ্বীন মোহাম্মদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।