রাজশাহী সিটির ওয়ার্ড পরিক্রমা
৫–৬টি রাস্তার কাজ এখনো শেষ হয়নি, ভোগান্তি
১৭ নম্বর ওয়ার্ডে তুলনামূলকভাবে উন্নয়নকাজ কম। পার্কের উত্তর পাশে বেশ কয়েকটি রাস্তার শুধু নালা নির্মাণ করা হয়েছে, রাস্তা হয়নি।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কয়েক দিন আগে নগরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে নওদাপাড়া এলাকার এক শিক্ষক নগরের সব উন্নয়নকাজের প্রশংসা শেষে বলেন, ‘শুধু আমার বাড়ি যাওয়ার রাস্তাটা হয়নি। আপনার কাছে এসেছিলাম। আপনি সুপারিশ করে দিয়েছিলেন। তা–ও হয়নি। রাস্তার জন্য মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে।’
রাস্তাটি নগরের ১৭ নম্বর ওয়ার্ডের। ওই শিক্ষকের বাড়ি যাওয়ার রাস্তা ছাড়াও বেশ কয়েকটি রাস্তার কাজ এখনো শেষ হয়নি। কোনো এলাকার লোকজন চলাচল করার জন্য চাঁদা তুলে রাবিশ (সিমেন্ট-বালুর আবর্জনা) ফেলেছেন। আবার কোনো এলাকায় বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে রাস্তা নির্মাণ করার চেষ্টা করা হয়েছে।
এ ওয়ার্ডে রয়েছে রাজশাহী নগরের ঐতিহ্যবাহী আমচত্বর। এটি নগরের উত্তর দিকের প্রবেশপথ। এখান দিয়ে চলে গেছে নগর বাইপাস সড়ক।
আয়তনের দিক থেকে ১৭ নম্বর ওয়ার্ডটি রাজশাহী সিটি করপোরেশনের অন্যতম বড় ওয়ার্ড। জনসংখ্যা প্রায় ৩০ হাজার। এ ওয়ার্ডে রয়েছে রাজশাহী নগরের ঐতিহ্যবাহী আমচত্বর। এটি নগরের উত্তর দিকের প্রবেশপথ। এখান দিয়ে চলে গেছে নগর বাইপাস সড়ক। এ ওয়ার্ডে রয়েছে শহীদ জিয়া শিশুপার্ক, পোস্টাল একাডেমি, নওদাপাড়া বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহাদত আলী শাহ। তিনি নগরের শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এ ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবারও তিনি কাউন্সিলর পদে মনোনয়নপত্র তুলেছেন। তবে এখনো জমা দেননি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মে। ভোট গ্রহণ হবে ২১ জুন।
এলাকার অলিগলির উন্নয়নকাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ডের শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় নাজমুল হাসান নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁর অভিযোগ, নগরে প্রচুর উন্নয়নকাজ হয়েছে। তবে ১৭ নম্বর ওয়ার্ডে তুলনামূলকভাবে উন্নয়নকাজ কম। এ পার্কের উত্তর পাশে বেশ কয়েকটি রাস্তার শুধু নালা নির্মাণ করা হয়েছে, রাস্তা হয়নি। তিনি যে রাস্তায় চলাচল করেন, সেটি স্থানীয় লোকজন চাঁদা তুলে রাবিশ ফেলে চলাচলের ব্যবস্থা করেছেন। পার্কের মোড়ের উত্তর দিকে হামজা মহরীর মোড় থেকে একটি রাস্তা পূর্ব দিকে গেছে। এ রাস্তার পাশের নালাও হয়নি।
স্থানীয় কয়েকজন জানালেন, একটি এনজিওর মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। বর্ষাকালে কাঁচা নালার পানি রাস্তায় জমে থাকে। তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এক গৃহিণী বললেন, প্রায় ১১ বছর তিনি এ এলাকার ভাড়াবাসায় থাকেন। বর্ষায় এখানকার মানুষের খুব দুর্ভোগ পোহাতে হয়।
এর পশ্চিম দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নব্বইয়ের দশকে করা ছায়ানীড় আবাসিক এলাকা। স্থানীয় বাসিন্দা মোকাররম হোসেন নিয়ে গেলেন সেই আবাসিক এলাকার উত্তর পাশের গুরুত্বপূর্ণ সড়কটিতে। দেখা গেল এত বছরেও সড়কটি পাকা হয়নি।
একইভাবে রাজশাহী পোস্টাল একাডেমির উত্তরের দেয়াল ঘেঁষে হিন্দুপাড়ার দিকে একটি রাস্তা চলে এসেছে। সেই রাস্তা একেবারে বেহাল হয়ে আছে। পথেই হিন্দুপাড়ার এক বাসিন্দাকে পাওয়া গেল। তিনি বললেন, বছর দশেক আগে এ রাস্তার কাজ হয়েছিল। তারপর তিনি কাউন্সিলরের কাছে এ রাস্তার জন্য গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ রাস্তা এখন ১০ ফুট রয়েছে। আরও প্রশস্ত করবেন। এ জন্য একটি প্রকল্প দাখিল করেছেন। এখন পর্যন্ত সে প্রকল্প আলোর মুখে দেখেনি। এ সড়ক হয়ে পোস্টাল একাডেমির পশ্চিমের দেয়াল ঘেঁষে চলে গেছে হিন্দুপাড়ায় যাওয়ার রাস্তা। মাঝখানে সে রাস্তা শুধু হয়েছে। হিন্দুপাড়ার ভেতরে এ রকম সাত-আটটি রাস্তা কাঁচা পড়ে রয়েছে।
এ ব্যাপারে কাউন্সিলর শাহাদত আলী শাহ বলেন, এ ওয়ার্ডে তিনি ১০০ কোটি টাকার বেশি উন্নয়নকাজ করেছেন। শুধু ঠিকাদার কিছু কাজ ফেলে রেখেছেন। পাঁচ-ছয়টি রাস্তা এবং সদ্য নির্মিত কিছু বাড়িঘরের পাশের দু–একটি রাস্তা বাদ দিলে তাঁর ওয়ার্ডে সব রাস্তার কাজ শেষ হয়েছে।