সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে মন্ত্রী-এমপিদের দূরত্ব কমছে
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে জেলার বাসিন্দা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সংসদ সদস্যদের (এমপি) মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটি কমতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় আইন পাসের প্রায় দুই বছর পর এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পরিকল্পনামন্ত্রীর দপ্তরে জেলার অন্য পাঁচ সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জেলা প্রশাসককে নিয়ে বৈঠক হয়।
বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে মতভিন্নতায় যেখানে জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের মুখ দেখাদেখি বন্ধের মতো অবস্থা ছিল, সেখানে গতকালের বৈঠক জেলার সার্বিক উন্নয়নকে আরও গতশীল করবে বলে মনে করছেন অনেকে।
২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। এর আগে একই বছরের ২ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিল অনুমোদন দেওয়া হয়। বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয় ৭ সেপ্টেম্বর। পরে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় স্থাপনের সিদ্ধান্ত হয়।
পরিকল্পনামন্ত্রীর প্রস্তাব ছিল তাঁর নিজের উপজেলায় এটি হবে। কিন্তু সংসদ সদস্যরা বেঁকে বসেন। স্থান নিয়ে বিতর্ক দেখা দেয়। এরপর পক্ষে-বিপক্ষে সুনামগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়।
দাবি ওঠে, বিশ্ববিদ্যালয়টি সদর উপজেলায় স্থাপনের। জাতীয় সংসদে আইনের সংশোধনী প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। পরে আইনে ‘দক্ষিণ সুনামগঞ্জ’ শব্দটি বাদ হয়ে জেলার ‘দেখার হাওরপাড়ে’ হয়। কিন্তু দেখার হাওর সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমানে শান্তিগঞ্জ), ছাতক ও দোয়ারাবাজার উপজেলাজুড়ে বিস্তৃত। হাওরপাড়ের কোথায় এটি স্থাপিত হবে, সেটি আর নির্ধারণ করা হয়নি। এ কারণে গত প্রায় দুই বছর বিশ্ববিদ্যালয়ের কাজে তেমন অগ্রগতি ছিল না। সবশেষ গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. আবু নঈম শেখ। এরপর স্থান নির্ধারণের বিষয়টি আবার আলোচনায় আসে।
গতকাল পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে তাঁর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের ( সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শহীদুল আলম উপস্থিত ছিলেন। সন্ধ্যা পর্যন্ত বৈঠক করেন তাঁরা।
বৈঠক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে তাঁরা প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছেন। স্থানটি হচ্ছে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার মধ্যবর্তী আহসানমারা সেতুর পূর্ব দিকে দেখার হাওরপাড়ের উত্তর-দক্ষিণ পাশ মিলে। স্থানটি প্রস্তাব করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। ১৭ সেপ্টেম্বর পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্যরা সরেজমিন জায়গাটি পরিদর্শন করবেন। স্থান নির্ধারণের বিষয়ে কম মূল্যের এবং যেখানে সরকারি খাস জমি বেশি আছে, সেই স্থান নির্ধারণের নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের।
এ প্রসঙ্গে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার আগে আমাদের দাবি ছিল এটি যেন সদর উপজেলার কাছাকাছি হয়। পরবর্তীকালে আইনে দেখার হাওরপাড়ে স্থাপনের কথা বলা হয়েছে। নানা কারণে দুই বছর এটির কার্যক্রমে স্থবিরতা ছিল। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক জমি দেখে সভায় তিনি সেই প্রস্তাব উত্থাপন করেছেন। আমরা সবাই একসঙ্গে জমি দেখব। এখন ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নেব।’
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দেখার হাওরপাড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাজটি এগিয়ে নিতে চাই।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেখার হাওরপাড়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় সরকারি জমি আছে, এমন স্থানে জেলা প্রশাসক জমির প্রস্তাব দিয়েছেন। বৈঠকে সবাই সেই স্থানের ব্যাপারে মোটামুটি একমত হয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর আমাদের সবার আস্থা আছে। তিনি সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দিয়েছেন। জেলা সদরে রেললাইন আসবে। আমরা অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে চাই। জমি নির্বাচনের প্রাথমিক আলোচনার সময় আমি অসুস্থ ছিলাম। এ কারণে কিছুটা ফারাক তৈরি হয়েছিল।’
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘হাওরঅধ্যুষিত সুনামগঞ্জ জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। পরিকল্পনামন্ত্রীর চেষ্টায় সুনামগঞ্জে মেডিকেল কলেজে হয়েছে। হাওরে উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে। তবে এটির স্থান নির্ধারণ নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যে মান-অভিমান ছিল, সেটিতে আমরাও বিব্রত ছিলাম। গতকালের বৈঠকে আমরা খুশি। আশা করি, শুধু বিশ্ববিদ্যালয় নয়, জেলার উন্নয়নে সব ক্ষেত্রে এখন তাঁরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।’