আগুনে পুড়েছে মেয়র আরিফুল হকের বাসার একটি কক্ষ

মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায়লাগা আগুনে পুড়ে যাওয়া মালামাল। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের কুমারপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেট সি‌টি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসার এক‌টি কক্ষ পুড়ে গেছে।

মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অবস্থিত মেয়রের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভান। এতে কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। এরপরও বিষয়টি তদন্ত করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের দু‌টি ইউনিট এসে আগুন নেভায়।

সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়
ছবি: প্রথম আলো

আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মু‌হিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। আগুনে মেয়রের বড় মেয়ের কক্ষটি পুড়ে গেছে।

মু‌হিবুল ইসলাম আরও বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে সপ‌রিবার যুক্তরাজ্যে আছেন। অগ্নিকাণ্ডের সময় বাসায় তাঁর মা, শাশু‌ড়ি ও গৃহকর্মী ছিলেন।