সিংড়ায় মুঠোফোন চোর চক্রের ৬ জন র্যাবের হাতে গ্রেপ্তার
নাটোরে মুঠোফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করা একটি চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা সিংড়া উপজেলার খাগরাবাড়িয়া ও বামিহাল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
নাটোর র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিংড়া উপজেলায় একটি সংঘবদ্ধ মুঠোফোন চোরচক্র গড়ে উঠেছে। এই চক্রের সদস্যরা প্রযুক্তি জ্ঞানে পারদর্শী। তাঁরা চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করতেন। ফলে চুরি হওয়া মুঠোফোনগুলো অকার্যকর করা যেত না। র্যাব দীর্ঘদিন ধরে তাঁদের কার্যক্রমের ওপর নজর রেখে আসছিল। এরপর গতকাল বুধবার রাতে অভিযানে চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজন আলী (৩৪), মো. আবদুল মালেক (৩৬), মো. বিপ্লব হোসেন (২৭), মো. সেলিম হোসেন (২০), মো. আবদুল রশিদ (২৪) ও মো. রাসেল (২৬)। তাঁদের বাড়ি সিংড়ার খাগড়াগাড়ি এলাকায়। র্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. ফরহাদ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি জ্ঞানে পারদর্শী এই চক্রের আরও সদস্য আছেন। তাঁদেরও ধরার চেষ্টা চলছে।