পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাতে তোলাছবি: প্রথম আলো

একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। ডাইং কেনার পাকা কথাও হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে দুর্গাপূজা উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। পূজা শেষে ফিরে এসে দেখেন, সবকিছু তছনছ করা হয়েছে। আলমারি থেকে কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।

তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলাম। ডাইং কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার এই ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরে। শুক্রবার রাতে তোলা
ছবি: প্রথম আলো

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত বলেন, দুর্গাপূজার জন্য গত রোববার দুপুরে নরসিংদীর বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে তাঁরা নরসিংদীর বাসায় ফেরেন। কিন্তু চাবি থাকলেও ফ্ল্যাটের দরজা খুলছিল না। তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। এরপর বাসার পেছনের দিকে গিয়ে দেখেন, জানালার গ্রিল কাটা।

পরে স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢোকেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে সবাই ঢুকে দেখেন, ঘরের আসবাব ও জামাকাপড় ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে এবং আলমারি ভাঙা। আলমারির ভেতরে রাখা আট ভরি স্বর্ণালংকার আর কারখানা করার ৫০ লাখ টাকা নেই।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।