ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাতে ঝড়ে পশুর নদের লাউডোব এলাকায় একটি কার্গো জাহাজ ও মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক চ্যানেলে একটি স্টিমার ঘাটের পন্টুন ডুবে গেছে।
এ ছাড়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৩০০ কাঁচা ঘরবাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পেয়ে মোংলার অন্তত দুই হাজার চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের কবলে পড়ে গতকাল রাতে পশুর নদের লাউডোব এলাকায় সিমেন্টের কাঁচামালবাহী (জিপসাম) ‘এমভি পৌষ-ফাল্গুনের পালা’ কার্গো জাহাজ ও মোংলা-ঘষিয়াখালী চ্যানেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি স্টিমারঘাটের পন্টুন ডুবে যায়। ডুবে যাওয়া নৌযান দুটি চিহ্নিত করে ওই এলাকায় সতর্কসংকেত হিসেবে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর ড্রেজিং শাখার সহকারী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, পন্টুনটি ডুবলেও ওই চ্যানেলে আপাতত অন্যান্য নৌযান চলাচলে কোনো সমস্যা হবে না। এরপরও দ্রুত পন্টুনটি উদ্ধার করতে সকালে ঢাকা থেকে উদ্ধারকারী যানসহ লোকজন রওনা দিয়েছেন।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক মো. হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে পশুর নদের লাউডোব এলাকায় চার শ মেট্রিক টন জিপসাম (সারের কাঁচামাল) নিয়ে কার্গো জাহাজটি ডুবে যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ প্রথম আলোকে বলেন, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে ওই চ্যানেল দিয়ে নৌযান চলাচলে কোনো সমস্যা নেই। তারপরও মালিকপক্ষকে দ্রুত কার্গোটি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঝড়-বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার চিংড়িঘের কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ২০০ ঘের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, উপজেলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের চিংড়ির ঘেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
সুন্দরবন ইউনিয়নের ঢালিরখণ্ড গ্রামের ঘেরমালিক জিল্লুর রহমান বলেন, ঝড়ের কারণে তাঁর দুই একরের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে। ঝড়-বৃষ্টিতে সব বিনিয়োগ নষ্ট হয়ে গেল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা জানান, ঝড়ে মোংলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৩০০ কাঁচা ঘরবাড়ি পুরোপুরি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঝড়ের রাতে ও আজ মঙ্গলবার দুপুরের জোয়ারে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। জোয়ারের পানিতে পশুর নদের তীরের জয়মনি, চিলা, কাইনমারী, কানাইনগর, শেলাবুনিয়া এবং ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরের বাসিন্দাদের বাড়িঘর তলিয়ে গেছে। এ ছাড়া ঝড়ের কারণে দুই দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন আছে মোংলার বেশির ভাগ গ্রামাঞ্চল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
সুন্দরবনের কোলঘেঁষা জয়মনি বাজার এলাকার আফজাল শেখ বলেন, ঝড়ে ছোটবড় অনেক গাছ ভেঙে গেছে। সময়মতো আশ্রয়কেন্দ্রে না গেলে জানমালেরও ক্ষতি হতে পারত। পানিতে তাঁর মাছের ঘেরও তলিয়ে গেছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার প্রথম আলোকে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে সব ধরনের সাহায্য-সহযোগিতা পেতে পারেন, সে জন্য তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হচ্ছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তা বণ্টন করে দেওয়া হবে।