মাগুরায় ‘পকেট কাটায়’ একজনকে ন্যাড়া করে গোঁফ কেটে দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলার মানচিত্র

মাগুরার মহম্মদপুর উপজেলায় পকেট কাটার অভিযোগে জনসম্মুখে এক ব্যক্তির মাথার চুল কেটে ন্যাড়া ও গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ঘটনা ঘটে। এটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম জয়নাল শেখ (৫০)। তিনি মাগুরা সদরের শত্রুজিৎপুর গ্রামের বাসিন্দা।

মহম্মদপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে নাগড়া বাজারে দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের বাসিন্দা আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার চেষ্ট করেন জয়নাল শেখ। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত লোকজন জয়নাল শেখের মাথা ন্যাড়া ও গোঁফ কেটে দেন। মাথা ন্যাড়া করার দৃশ্য ফেসবুকে লাইভ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেট কাটার অভিযোগে ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে চুল ও গোঁফ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।