পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাওয়ার পথে গাছে উঠে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোজাক্কির মিয়া নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের লামাসামিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোজাক্কির দোয়ারাবাজার উপজেলার লামাসামিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে। স্কুলে যাওয়ার পথে গাছে পাখির বাসা থেকে পাখির ছানা ধরতে গিয়ে সে দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ জানায়, মোজাক্কির লামাসামিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। সে কিছুটা চঞ্চল স্বভাবের। আজ স্কুলে যাওয়ার পথে একটি গাছে পাখির বাসা দেখে সে ওই গাছে ওঠে। পাখির বাসা থেকে ছানা ধরতে গিয়ে বিদ্যুতের তার পিঠে লেগে সে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর প্রথম আলোকে বলেন, মোজাক্কির যে গাছে ওঠে পাখির ছানা ধরছিল, সেটির পাশ দিয়েই ছাতক উপজেলার ১১ কেভি বিদ্যুৎ লাইন চলে গেছে। মোজাক্কিরের পিঠে ওই তার লেগে যায়। এতে সে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। স্বজনদের কোনো অভিযোগ না থাকা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।