পটুয়াখালীতে চলছে শিখো-প্রথম আলোর জিপিএ-৫ উৎসব

শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থী ও অতিথিরা। আজ সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতেছবি: সাইয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এ উৎসব শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া ৪৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

আজ সকাল সাড়ে সাতটা থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা। সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

দুমকী সালামপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে যমজ দুই বোন মারজিয়া ইসলাম ও মারজান ইসলাম। তারা বলে, ‘প্রথম আলোর এমন স্বীকৃতি আমাদের জীবনের চলার পথকে সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানস্থলে এসে সনদ ও সম্মাননা ক্রেস্ট পেয়ে উল্লাস করে অদম্য মেধাবী শিক্ষার্থীরা। এ সময় তারা সেলফি তোলে ও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বুথ থেকে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাকস নিচ্ছে শিক্ষার্থীরা। আজ সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে
ছবি: সাইয়ান

আসমা আক্তার নামে একজন অদম্য মেধাবী এসেছিলেন এই আয়োজনে। তিনি এখন কলাপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আসমা বলেন, ২০০৮ সালে তিনি এসএসসিতে জিপিএ-৫ পান। এরপর প্রথম আলোর সহায়তায় মেধা বৃত্তি পেয়ে পড়াশোনা এগিয়ে নেন। এইচএসসিতেও জিপিএ-৫ পান তিনি। পরে পটুয়াখালী সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। বর্তমানে কলাপাড়ার বাসন্তিমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। তিনি বলেন, ‘প্রথম আলো আমার পাশে না দাঁড়ালে জীবনের এতটুকু পথ আসতে পারতাম না। সেদিক থেকে বলা যায়, প্রথম আলো আমাকে নতুন জীবন দিয়েছে।’

মো. হাসান মোল্লা নামে একজন এ আয়োজনে এসেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে। অদম্য মেধাবী হিসেবে তিনি প্রথম আলোর মেধা বৃত্তি পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। তিনি বলেন, ‘এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধের উপক্রম হয়। এ সময় প্রথম আলো আমার পাশে দাঁড়ায়। প্রথম আলোর সহায়তা না পেলে পড়াশোনা দূরের কথা, জীবন চালানোও দায় হয়ে পড়ত। আমি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি প্রথম আলো পাশে ছিল বলে।’

শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা সেলফি তুলছে
ছবি: সাইয়ান

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম শহীদুল ইসলাম, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল মালেক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ।