সরকারি কর্মকর্তাদের টার্গেট করত প্রতারক চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। কিন্তু নিজেদের পরিচয় দিতেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার। পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ। চক্রটির টার্গেট ছিল কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। তাঁদের পাতা ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক সরকারি কর্মকর্তা।

অভিযানের পরে এই চক্রের মূল হোতাসহ দুজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই প্রতারক হলেন রাজৈর উপজেলার লুন্দি এলাকার শামসুল হক মিয়ার ছেলে আনিসুর রহমান ওরফে বাবুল (৩৫) এবং তাঁর চাচাতো ভাই একই এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে হাসিবুল মিয়া (৪২)।

আনিসুরের টার্গেট থেকে বাদ যাননি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারের মতো কর্মকর্তাও। কয়েকজন ব্যবসায়ীকে ফাঁদে ফেলে চক্রটি।

পুলিশ সুপার জানান, আনিসুর রহমান ভুয়া দুদক কমিশনার সেজে ছয় মাসের বেশি সময় ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছেন। আনিসুরের টার্গেট থেকে বাদ যাননি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অতিরিক্ত পুলিশ সুপারের মতো কর্মকর্তাও। কয়েকজন ব্যবসায়ীকে ফাঁদে ফেলে চক্রটি। মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এসব কর্মকর্তার কাছ থেকে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করত চক্রটি। অবশেষে এক সরকারি কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে টানা ১৫ দিনের অনুসন্ধানে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন এই চক্রের মূল হোতা বাবুল ও তাঁর সহযোগী হাবিবুল মিয়া। পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম খান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করেন।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রতারক আনিসুর ভালো গান করেন। এর সঙ্গে তিনি একজন ভয়ানক প্রতারক। এই চক্রের আরও কয়েকজন সদস্য রয়েছেন। চক্রের সদস্যরা কোথা থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন, প্রশিক্ষক কারা—এসব বিষয় ধরে পুলিশ কাজ করছে এবং প্রতারক চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তার দুজনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় আনিসুর রহমান বলেন, ‘যারা দুর্নীতি করে সরকারি টাকা আত্মসাৎ করতেন, শুধু তাঁদের টার্গেট করে মোবাইলে কল দিয়ে ভয় দেখাতাম আমরা। পরে কেউ কেউ বিকাশে টাকা পাঠিয়ে দিতেন। আবার অনেকেই দিতেন না। কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতাম। এ বিষয়ে আমরা অনেকেই ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলার গোয়েন্দা পুলিশের এসআই আবুল কাশেম খান বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের ধরতে আমাদের টিম কাজ চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ (মিডিয়া) মনিরুল ইসলাম প্রমুখ।

গ্রেপ্তার দুজনকে বেলা তিনটায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।