রূপগঞ্জে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা রাকিব হাসান (২২) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে মামলার বাদী ও নিহত রাকিব হাসানের বোন আঁখি আক্তার তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আঁখি আক্তার প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে হোড়গাঁও এলাকার আওয়ামী লীগ নেতা এস কে সোলায়মান, মামলার আসামি টেলাপাড়া এলাকার আফজাল হোসেন ও মো. ইসমাইল তাঁকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে তাঁরা রাকিবের মতো তাঁকেও হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এমন অবস্থায় আঁখি আক্তারসহ তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় শনিবার সকালে তিনি রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘রাকিব হাসান হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন এবং অপর দুই আসামি সজীব ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বাদী আঁখি আক্তার নিজেদের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’

পুলিশ সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে গোলাকান্দাইলে মাদক ব্যবসা ও পরিবহন চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাকিবের বোন আঁখি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন, তাঁর অনুসারী সজীব মিয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালা, মো. আফজাল, জাকির হোসেন ও মো. মিল্লাত। আসামিদের মধ্যে দেলোয়ারসহ তিনজন বর্তমানে কারাগারে।